Tuesday, September 1, 2026

বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল ‘মাইকেল’, প্রথম বায়োপিক হিসেবে আয় ছাড়াল ১ বিলিয়ন ডলার


ছবিঃ ‘মাইকেল’ সিনেমার দৃশ্য (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র মাইকেল বিশ্ব বক্স অফিসে নতুন মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির কয়েক মাসের মধ্যেই সিনেমাটি বৈশ্বিক টিকিট বিক্রি থেকে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করে ইতিহাসের প্রথম বায়োপিক হিসেবে এই অর্জন করেছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, উত্তর আমেরিকার বাজারে ছবিটির আয় প্রায় ৩৭১ দশমিক ৮ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৬২৯ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ দশমিক ০০১ বিলিয়ন ডলারে।

মুক্তির আগেই নানা বিতর্কে আলোচনায় ছিল ‘মাইকেল’। চিত্রনাট্যের কিছু অংশে পরিবর্তন, বিতর্কিত অভিযোগ-সংক্রান্ত দৃশ্য বাদ দেওয়া এবং ঐতিহাসিক ঘটনাগুলোর উপস্থাপন নিয়ে দীর্ঘদিন আলোচনা চলেছে। সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও দর্শকদের ব্যাপক আগ্রহ ছবিটিকে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য এনে দেয়।

প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্রে প্রায় ৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিশ্বব্যাপী ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে ছবিটি। এর মধ্য দিয়ে সংগীতভিত্তিক বায়োপিকের উদ্বোধনী আয়ের আগের রেকর্ড ভেঙে দেয় ‘মাইকেল’। পরবর্তী সপ্তাহগুলোতেও দর্শকের ধারাবাহিক সাড়া এবং পুনরায় প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার প্রবণতা ছবিটির আয়কে আরও এগিয়ে নেয়।

এই সাফল্যের মাধ্যমে ‘মাইকেল’ সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিকের স্বীকৃতিও অর্জন করেছে। এর আগে এই রেকর্ড ছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ চলচ্চিত্রের দখলে।

ছবিটি নির্মাণ করেছে লায়ন্সগেট। উত্তর আমেরিকায় পরিবেশনার দায়িত্বও প্রতিষ্ঠানটির, আর আন্তর্জাতিক বাজারে সিনেমাটি মুক্তি দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। এর আগে লায়ন্সগেটের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে ছিল ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ এবং ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন পার্ট–২’। ‘মাইকেল’ এখন স্টুডিওটির ইতিহাসে প্রথম বিলিয়ন ডলার আয় করা চলচ্চিত্র।

লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন এক বিবৃতিতে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের দর্শক যেভাবে সিনেমাটিকে গ্রহণ করেছেন, তা মাইকেল জ্যাকসনের বৈশ্বিক জনপ্রিয়তার আরেকটি প্রমাণ। একই সঙ্গে বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতার প্রতি দর্শকের আগ্রহ এখনও অটুট বলেও তিনি উল্লেখ করেন।

পরিচালক অঁতোয়ান ফুকোয়ার নির্মাণে ছবিটিতে মাইকেল জ্যাকসনের শৈশব, জ্যাকসন ফাইভ ব্যান্ডে তাঁর উত্থান এবং পরবর্তীতে বিশ্বসংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। এছাড়া কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রটির অভাবনীয় সাফল্যের পর মাইকেল জ্যাকসনের জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও করছে লায়ন্সগেট। নির্মাতাদের আশা, এই সিরিজের পরবর্তী চলচ্চিত্রও দর্শকদের একইভাবে আকৃষ্ট করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন