- ০৪ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। দিনাজপুর
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারে একটি সরকারি বটগাছের মোটা ডাল কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। সোমবার সকালে বউবাজার চত্বরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাজার কর্তৃপক্ষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান, স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মুজিবুল হকের সহায়তায় অভিযান চালান। এ সময় এলাকার লিটন নামে এক খড়ি ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ৪৫ মণ কাঠ ও খড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল দাউদপুর ইউনিয়ন ভূমি অফিসে রাখা হয়েছে। তবে চেরাইকলের মাধ্যমে বিক্রি করা কিছু মোটা ডাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
বাজারের ইজারাদার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে কয়েকজন স্থানীয় রাজনৈতিক কর্মী বাজারে এসে পুরোনো বটগাছের অন্তত নয়টি বড় ডাল কাটেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের অনুমতি ছাড়াই এ কাজ করা হয়। বাজারের ইজারাদার তাদের বাধা দিলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। পরে বিকেলে কাটা ডাল ও খড়ি গাড়িতে করে বাজারের একটি চেরাইকল এবং আশপাশের দুটি বাজারে বিক্রি করা হয়। বাজার কর্তৃপক্ষের হিসাবে এসব কাঠ ও খড়ির আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
অভিযোগ অস্বীকার করে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মুক্তি মাহফুজ বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে কিছু ডাল কাটতে দেখেছেন, তবে এ বিষয়ে তাঁর সংশ্লিষ্টতা নেই।
এ বিষয়ে ইউএনও জিল্লুর রহমান বলেন, সরকারি গাছের ডাল কাটার অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে কাঠ ও খড়ি উদ্ধার করা হয়েছে। বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরকারি সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, আবার অনেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।