Wednesday, June 17, 2026

ম্যাচ হারার হতাশায় বিতর্কে বৈভব সূর্যবংশী, শ্রীলঙ্কান ক্রিকেটারকে ধাক্কা


ছবিঃ শ্রীলঙ্কার ক্রিকেটারকে ধাক্কা মারলেন সূর্যবংশী (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের কারণে নিয়মিত আলোচনায় থাকা ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবার মাঠের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শিরোনামে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের রুদ্ধশ্বাস ম্যাচ শেষে প্রতিপক্ষের এক ক্রিকেটারকে ধাক্কা দেওয়ার ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।

ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে সমান ২৬৫ রান তুলে ম্যাচ টাই করে শ্রীলঙ্কা। ফলে ম্যাচের ফল নির্ধারণে গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ১৬ রানের লক্ষ্য দাঁড় করায়। জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে নেমে ভারত ৯ রানেই থেমে যায়। ফলে ৭ রানের ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচ শেষ হওয়ার পরই উত্তেজনার সূত্রপাত ঘটে। মাঠ ছাড়ার সময় শ্রীলঙ্কার ক্রিকেটার বিশেন হালাম্বাগে ও ওয়ানুজা সাহানকে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী ও সূর্যংশ শেড়গের দিকে কিছু বলতে দেখা যায়। জানা গেছে, কথোপকথনের একপর্যায়ে হালাম্বাগে সূর্যবংশীর উদ্দেশে মন্তব্য করেন, যা ভারতীয় তরুণ ব্যাটারের কাছে উসকানিমূলক বলে মনে হয়।

এরপর ক্ষুব্ধ সূর্যবংশী ফিরে এসে হালাম্বাগেকে ধাক্কা দেন। শ্রীলঙ্কান ক্রিকেটারও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালেও পরিস্থিতি বড় আকার ধারণ করার আগেই সতীর্থরা এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করেন। মাঠে উপস্থিত উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ঘটনার পর মাঠ ত্যাগের সময়ও সূর্যবংশীকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। ম্যাচ-পরবর্তী এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা ও আবেগের প্রকাশ স্বাভাবিক হলেও তরুণ খেলোয়াড়দের কাছ থেকে আরও সংযত আচরণ প্রত্যাশা করেন ক্রিকেট বিশ্লেষকরা। সেই কারণেই ম্যাচ-পরবর্তী এই ঘটনা নতুন করে আলোচনায় এসেছে ক্রিকেট মহলে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন