Sunday, April 19, 2026

মনপুরায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার, কারাগারে প্রেরণ


ছবিঃ গ্রেফতারকৃত ছাত্রলীগের নেতা মো. সাগর ফরাজী। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ভোলা

ভোলার মনপুরা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের নেতা মো. সাগর ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার বিকেলে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় সাগর ফরাজীকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

তবে সাগর ফরাজীর পরিবারের দাবি, পুলিশের ওপর হামলার যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সেই মামলার এজাহারে তার নাম ছিল না। গ্রেফতারের পর নতুন করে তাকে মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, অভিযানের অংশ হিসেবে একজন নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন