Tuesday, April 7, 2026

মিয়ানমার সংকট কাটিয়ে টেকনাফ স্থলবন্দর পুনরায় চালু


ছবিঃ সোমবার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীসংলগ্ন স্থলবন্দর পরিদর্শন করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। টেকনাফ 

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক বৈঠকে এ ঘোষণা দেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীসংলগ্ন স্থলবন্দরে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রতিমন্ত্রী জানান, বন্দর সচল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যবসায়ী, আইনশৃঙ্খলা বাহিনী, কাস্টমস ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই পুনরায় কার্যক্রম শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সীমান্ত বাণিজ্য সচল রাখতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বন্দর কার্যক্রম চালু রাখা হবে।

এদিকে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান জানান, আগে কিছু নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম এখন স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

বৈঠকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর বন্দর চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন