Tuesday, April 7, 2026

কুমিল্লা দাউদকান্দিতে বাস জলাশয়ে, নিহত ১, আহত ১৫


ছবিঃ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জলাশয়ে পড়ে গিয়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বজলু মিয়া (৬০), তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হালতা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী বলেশ্বর পরিবহনের একটি বাস ঝড়-বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং বাসে থাকা আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, উদ্ধার কার্যক্রম শেষে বাসটি জলাশয় থেকে তোলা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন