Tuesday, April 7, 2026

কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট


ছবিঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লায় ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইপিজেডভুক্ত নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার সকাল প্রায় সোয়া ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক শ্রমিক, যার ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা সড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে করে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে এবং কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি জমে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক কামাল হোসেন অভিযোগ করেন, নাসা গ্রুপ কর্তৃপক্ষ হঠাৎ করেই কোনো পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন বকেয়া রাখা হয়েছে। তিনি বলেন, “আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।”

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, শ্রমিকদের অবরোধ অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি সমাধানে উদ্যোগ নিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন