Thursday, April 16, 2026

মহানবী (সা.) কে কটূক্তির শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি সংসদ সদস্য সাইদ উদ্দিনের


ছবিঃ সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জাতীয় সংসদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করার আহ্বান জানান।

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।

আলোচনায় হানজালা বলেন, সময়ের পর সময় দেশে এমন ঘটনা ঘটছে যেখানে কিছু ব্যক্তি মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে এবং এতে সহিংসতার ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মহানবী (সা.)-এর প্রতি অবমাননা কোনোভাবেই সহ্যযোগ্য নয় এবং এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান থাকা প্রয়োজন। এ জন্য জাতীয় সংসদের মাধ্যমে আইন প্রণয়নের ওপর জোর দেন তিনি।

এছাড়া তিনি আরও দাবি করেন, যারা মহানবী (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করে না, তাদের আইনের মাধ্যমে অমুসলিম হিসেবে ঘোষণা করার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

সংসদ সদস্য হানজালা বলেন, স্বাধীনতার পর থেকে এ ধরনের দাবিতে আন্দোলন হয়ে আসছে এবং বিষয়টি এখনো স্পষ্ট আইনি কাঠামোর মধ্যে আসেনি। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এ বিষয়ে একটি সুস্পষ্ট আইন প্রণয়ন করে দৃষ্টান্ত স্থাপন করা হোক।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন