- ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় একটি টিনসেট বসতবাড়িতে আগুন লেগে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের ভেতরে থাকা বিদ্যুতের তার থেকে সৃষ্ট স্পার্ক জানালার পর্দায় আগুন লাগায়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। সে সময় ঘরের ভেতরে ছিলেন গৃহকর্তার স্ত্রী ও এক ছেলে। খবর পেয়ে বাইরে থেকে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন গৃহকর্তা। এতে তিনিও দগ্ধ হন। অন্য এক ছেলে পরিবারের সদস্যদের উদ্ধার করতে গিয়ে সামান্য আহত হন।
দগ্ধরা হলেন— শামসুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫), ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।
প্রথমে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দগ্ধদের রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, সন্ধ্যার দিকে চারজন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের প্রাথমিক চিকিৎসা ও ড্রেসিং চলছে। দগ্ধের পরিমাণ নির্ধারণে পর্যবেক্ষণ চলছে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।