Sunday, May 17, 2026

মাদকবিরোধী অভিযানে মানবতাবিরোধী অভিযোগ: ফিলিপাইনে সাবেক পুলিশ প্রধানের গ্রেপ্তার ঘিরে আইনি লড়াই


ছবিঃ ফিলিপাইনের সাবেক পুলিশ প্রধান ও সিনেটর রোনাল্ড ডেলা রোসা (সংগৃহীত । রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

ফিলিপাইনের সাবেক পুলিশ প্রধান ও সিনেটর রোনাল্ড ডেলা রোসাকে গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হস্তান্তর ঠেকাতে তার করা আবেদন খারিজের অনুরোধ জানিয়েছে দেশটির সরকারি আইনজীবীরা। মাদকবিরোধী অভিযানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা জারির পর এই আইনি টানাপোড়েন তৈরি হয়েছে।

সরকারি পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টকে ডেলা রোসার আবেদন প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেছেন, তিনি বিচার এড়াতে আদালতের আশ্রয় নিচ্ছেন।

ডেলা রোসা সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকবিরোধী অভিযান বা “ওয়ার অন ড্রাগস”-এর সময় জাতীয় পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, ওই অভিযানে হাজারো মানুষ নিহত হয় এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।

তিনি দাবি করেছেন, ২০১৯ সালে ফিলিপাইন রোম স্ট্যাটিউট থেকে সরে আসায় আইসিসির তার বিরুদ্ধে বিচার করার এখতিয়ার নেই। তবে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর (OSG) বলছে, অভ্যন্তরীণ আইন অনুযায়ী গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে আইসিসির সঙ্গে সহযোগিতা ও আসামি হস্তান্তরের সুযোগ রয়েছে।

সরকারি পক্ষ আরও জানিয়েছে, আইসিসি ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাই ফিলিপাইনের আদালতে নতুন করে গ্রেপ্তারের যৌক্তিকতা যাচাইয়ের প্রয়োজন নেই। তাদের ভাষায়, “দেশকে কখনোই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া যাবে না।”

আইনজীবীরা অভিযোগ করেন, ডেলা রোসা বিচার এড়াতে আত্মগোপনে গেছেন এবং তার আচরণ তাকে “ফিউজিটিভ ফ্রম জাস্টিস” বা পলাতক আসামি হিসেবে প্রতিষ্ঠিত করে।

রিপোর্ট অনুযায়ী, সেনেটে সাময়িক সুরক্ষা পাওয়ার পরও তিনি হঠাৎ করে সেখান থেকে চলে যান এবং বর্তমানে তার অবস্থান অজানা।

সরকারি পক্ষের ভাষ্য অনুযায়ী, বিচার থেকে পালিয়ে থাকা ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়া হলে তা ন্যায়বিচারের প্রতি আস্থাকে দুর্বল করবে এবং নিহতদের পরিবারের জন্য এটি হবে বড় ধরনের আঘাত।

এ ঘটনায় ফিলিপাইনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট দুতের্তের প্রশাসনের মাদকবিরোধী অভিযানের দায় ও জবাবদিহিতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আবারও সামনে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন