- ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে করা মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর বাগিচাগাঁও এলাকায় নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশের ভাষ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে হোসনে আরা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে হোসনে আরা বকুলের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী বাহারের ঘনিষ্ঠ হিসেবে স্থানীয় রাজনীতিতে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।