Monday, February 16, 2026

কনের সাজে হানিয়া, বরের বেশে অসিম; ভাইরাল ভিডিও ঘিরে বিয়ের গুঞ্জন


ফাইল ছবিঃ হানিয়া আমির (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক অসিম আজহার। ভিডিওতে দুজনকে বিয়ের পোশাকে দেখা যাওয়ায় অনেকেই ধারণা করেন, তারা হয়তো গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বাস্তবে বিষয়টি ভিন্ন।

ভাইরাল হওয়া ভিডিওতে হানিয়াকে সোনালি আভায় ঐতিহ্যবাহী কনের সাজে দেখা যায়। একইভাবে অসিমও জাঁকজমকপূর্ণ বরের পোশাকে উপস্থিত ছিলেন। দুজনকে একসঙ্গে নাচতে, হাসতে এবং প্রাণবন্ত মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। এসব দৃশ্য দেখে অনেক অনুরাগী এটিকে বিয়ের অনুষ্ঠান বলেই ধরে নেন।

তবে জানা গেছে, এটি ছিল হানিয়া আমিরের জন্মদিন উদ্‌যাপনের অংশ। বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই পার্টির থিম ছিল ‘শাদি-থিমড’। অর্থাৎ, বিয়ের আদলে সাজসজ্জা ও পোশাক নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী অভিনেত্রী কনের সাজে এবং অসিম বরের সাজে উপস্থিত হন। পুরো আয়োজনটি ছিল আনন্দঘন একটি জন্মদিন পার্টি, কোনো আনুষ্ঠানিক বিয়ে নয়।

হানিয়া ও অসিমের সম্পর্ক নিয়ে আগেও বহুবার আলোচনা হয়েছে। ২০১৮ সালের দিকে তাদের ঘনিষ্ঠতা শুরু হয় এবং পরের বছর বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও ২০২০ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে, তবু সময় সময় একসঙ্গে উপস্থিত হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পারস্পরিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে।

সম্প্রতি কিছু গণমাধ্যমে তাদের সম্ভাব্য বিয়ের খবর প্রকাশিত হয়েছিল। সেই প্রেক্ষাপটে কনের ও বরের সাজে ভাইরাল ভিডিওটি গুজবকে আরও উসকে দেয়। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, আপাতত এটি কেবল একটি থিমভিত্তিক জন্মদিন উদ্‌যাপন, বিয়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন