- ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খুলনা
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাতা ও স্থানীয় ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) রাতে নগরীর পুলিশ লাইনস জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন কাজী নিজাম উদ্দিন সুজন। নামাজ শেষ হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাসায় ফিরে আসেননি।
নির্ধারিত সময়ে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নেন। তবে কোথাও তার কোনো হদিস না পেয়ে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হন তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ সুজনের পরিবারের এক সদস্য জানান, "তিনি নামাজ পড়ার কথা বলেই বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমরা সবাই খুবই আতঙ্কের মধ্যে আছি।"
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সম্ভাব্য সব উপায়ে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত তার অবস্থান বা নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।