- ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সরকার দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সোমবার (২২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনের অনুযায়ী, নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। তারা সংশোধিত সিটি করপোরেশন অধ্যাদেশ অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে। এছাড়া খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে। একই অধ্যাদেশের উপধারা (৩) অনুযায়ী তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা ব্যবহার করে দায়িত্ব পালন করবেন।
সরকারি আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সিটি করপোরেশনগুলোর কার্যক্রম নির্বিঘ্নভাবে চলার নিশ্চয়তা দেয়া হয়েছে।