- ২১ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খুলনা
খুলনা, শেরপুর ও নাটোর জেলার পুলিশ সুপারসহ মোট পাঁচজন পুলিশ সুপারকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌসিফ আহমেদ। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত কর্মকর্তাদের নতুন দায়িত্বে নিয়োগ ও পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলনা জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে নাটোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ বদলি করা হয়েছে। পিবিআইতে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ প্রশাসনে নতুন নেতৃত্বের দায়িত্ব শুরু হলো।