- ১১ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মোট ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
শনিবার (১১ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার বৌদ্ধমনিপাড়া কাঠালতলী এলাকার একটি সীমান্তবর্তী সড়কে টহল জোরদার করা হয়। এ সময় নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে একটি টহল দল সেখানে অবস্থান নেয়।
বিকেল আনুমানিক ৪টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে ওই এলাকায় প্রবেশ করতে দেখা যায়। তাদের থামার নির্দেশ দেওয়া হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।
এদিকে উদ্ধারকৃত গোলাবারুদ বিওপিতে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রায় ১০০ থেকে ১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবির টহল দলকে ঘিরে ধরার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে মেজর এসএম ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতিরিক্ত বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে সরে যায়।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে।