- ১৬ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নাশকতার পরিকল্পনা, মহাসড়ক অবরোধ, হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুলাই) রাতে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের বাসিন্দা ইমদাদুল হক। তিনি রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৪ জুলাই বিকেলে উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অভিযোগ অনুযায়ী, তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে যান চলাচল ব্যাহত করেন, যার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই সময় বাদী ইমদাদুল হক মোটরসাইকেলে করে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় একদল লোক তার পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে মারধর করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।
সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, মহাসড়ক অবরোধ, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, বিএনপি নেতাদের ওপর হামলা এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। এ ঘটনায় অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে কাশিয়ানী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।