Sunday, February 22, 2026

কার্যকর শিক্ষা ছাড়া বেকারত্ব কমবে না: শিক্ষামন্ত্রী


ছবিঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও বাস্তবভিত্তিক না করলে বেকারত্ব হ্রাস সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বিদ্যমান কাঠামোতে পরিবর্তন না আনলে শিক্ষিত বেকারের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলে বলেন, শিক্ষা মন্ত্রণালয় কি বেকার তৈরির প্রতিষ্ঠান, নাকি দক্ষ জনশক্তি গড়ার কেন্দ্র? তিনি জোর দিয়ে বলেন, এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে তুলবে। কেবল সনদনির্ভর শিক্ষা দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।

শিক্ষাক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক নয়, মানসিক ও নৈতিক ক্ষেত্রেও হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি অনুদান নিলেও যদি শিক্ষার মান নিশ্চিত করতে না পারে, তবে তা জাতির জন্য ক্ষতিকর। তিনি সততা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গে তিনি হাতে-কলমে শেখার পদ্ধতি জোরদারের আহ্বান জানান। তার মতে, শিশুদের বাস্তবভিত্তিক ও প্রয়োগমুখী শিক্ষা দিলে ভবিষ্যতে তারা দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

ভাষা আন্দোলনের চেতনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, একুশের আদর্শ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; তা কর্মজীবন ও রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করতে হবে। মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের স্বার্থে দ্বিতীয় ভাষা শিক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ববি হাজ্জাজ। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সারাদেশে সমমানের ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য ধারাবাহিক উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন