Friday, February 20, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা


ছবিঃ জাতীয় বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পূর্বে জারি করা স্মারকে উল্লিখিত অন্যান্য শর্ত ও নির্দেশনা বহাল থাকবে। কেবল পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক ও পরীক্ষার্থীদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট কলেজগুলো তাদের টিএমআইএস (TMIS) কলেজ প্রোফাইল ব্যবহার করে বিষয়ভিত্তিক বহিঃপরীক্ষকদের তালিকা সংগ্রহ করতে পারবে। নিয়োজিত বহিঃপরীক্ষকরাও নিজ নিজ টিএমআইএস প্রোফাইল থেকে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন। ব্যবহারিক পরীক্ষা শেষে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে লগইন করে পরীক্ষার তথ্য ও নম্বরপত্র সংক্রান্ত বিবরণ জমা দিতে হবে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষর করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন