Wednesday, April 22, 2026

কার্টুন ইস্যু ও জ্বালানির দাম বাড়ানো নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ, গ্রেপ্তার বন্ধের দাবি


ছবিঃ বিক্ষোভ সমাবেশে জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা। রাজু ভাস্কর্যের পাদদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ১৯ এপ্রিল ২০২৬ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও কার্টুন প্রকাশের জেরে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। রোববার বিকেলে রাজু ভাস্কর্য প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সংগঠনটির নেতারা সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, কার্টুন বা লেখালেখির কারণে কাউকে গ্রেপ্তার করা উচিত নয়। তিনি দাবি করেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সরকারকে সমালোচনার সুযোগ দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, এমন গ্রেপ্তার চলতে থাকলে এর রাজনৈতিক প্রতিক্রিয়া ভবিষ্যতে পড়তে পারে।

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে একটি কার্টুনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যা অযৌক্তিক। সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তির দাবি জানান তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে জাহিদ আহসান বলেন, দেশে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। পর্যাপ্ত মজুত থাকার পরও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় এলেও তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। তিনি দাবি করেন, সরকারের নেওয়া কিছু পদক্ষেপ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলছে।

এছাড়া সংগঠনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক খান তালাত মাহমুদ বলেন, সাম্প্রতিক বিভিন্ন সংকটের দায় সরকারকেই নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা কার্টুন প্রকাশের কারণে গ্রেপ্তার বন্ধ, জ্বালানি তেলের মূল্য কমানো এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন