Wednesday, April 22, 2026

কার্টুন শেয়ারকে কেন্দ্র করে গ্রেপ্তার, সংসদে তুমুল বিতর্ক


ফাইল ছবিঃ চিফ হুইপ নূরুল ইসলাম ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুন শেয়ার করার অভিযোগে এক যুবকের গ্রেপ্তারকে কেন্দ্র করে জাতীয় সংসদে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যায় সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপন করে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাত।

তিনি বলেন, একটি কার্টুন শেয়ার করার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়েছে—এমন ঘটনা গণতান্ত্রিক পরিবেশে অগ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সংসদে প্রশ্নোত্তর কার্যক্রম টেবিলে উপস্থাপন করার ফলে সংসদ সদস্যরা সরাসরি প্রশ্ন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি এ এম হাসান নাসিম নামের এক যুবকের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন। তার দাবি, একটি কৌতুকধর্মী কার্টুন শেয়ার করার জেরে সাইবার আইনে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

এ প্রসঙ্গে জবাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, শুধুমাত্র কার্টুন আঁকা বা শেয়ার করার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকলে তাকে মুক্তি দেওয়ার পক্ষে তিনি। তবে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এর আগেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে একাধিক সাধারণ ডায়েরি করা হয়েছিল।

চিফ হুইপ আরও বলেন, বিষয়টি সঠিকভাবে তদন্ত করা জরুরি। যদি ওই ব্যক্তি অন্য কোনো অপরাধে জড়িত থাকেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত; আর অভিযোগ ভিত্তিহীন হলে তাকে হয়রানি করা ঠিক হবে না।

সংসদের কার্যপ্রণালি নিয়ে আলোচনায় তিনি জানান, সময় স্বল্পতার কারণে অনেক সময় প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়। তবে সংসদ সদস্যরা চাইলে অধিবেশনের সময় বাড়িয়ে সরাসরি জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।

এই বিতর্কের মাধ্যমে সংসদে মতপ্রকাশের স্বাধীনতা, সাইবার আইনের প্রয়োগ এবং সংসদীয় কার্যপ্রণালির সীমাবদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন