- ১৬ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কাঁচামালের সাময়িক ঘাটতির কারণে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পূর্ণ সক্ষমতায় না চললেও বন্ধ হয়নি বলে জানিয়েছে সরকার। বর্তমানে প্রতিষ্ঠানটি সীমিত পরিসরে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলবাহী জাহাজ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় সাময়িকভাবে উৎপাদন কমিয়ে আনা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ মাসের জন্য নির্ধারিত অপরিশোধিত তেলের চালান দেরিতে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সম্ভাব্য সংকট মোকাবিলায় আগেই বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছিল সরকার। সেই অনুযায়ী পরিশোধিত জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখা হয়েছে এবং প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতেও তেল সংগ্রহ করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইআরএল দেশের মোট জ্বালানি চাহিদার একটি অংশ সরবরাহ করে থাকে বিশেষ করে ডিজেলের প্রায় ১৫ শতাংশ এবং পেট্রোলের ১১ শতাংশ। এই ঘাটতি সহজেই আমদানির মাধ্যমে পূরণ করা সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বর্তমানে শোধনাগারের চারটি ইউনিটের মধ্যে দুটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে, আর বাকি দুটি ইউনিটে উৎপাদন অব্যাহত রয়েছে। ফলে পুরোপুরি বন্ধ হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
ইআরএল মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত তেল আমদানি করে থাকে এবং বছরে প্রায় ১৫ লাখ টন জ্বালানি তেল উৎপাদন করে। দেশের মোট চাহিদার বড় অংশই পরিশোধিত তেল আমদানির মাধ্যমে পূরণ করা হয়।
জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রাহক পর্যায়ে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলেও আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।