- ০১ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কাজাখস্তান থেকে তুলনামূলক কম দামে ডিজেল আমদানির একটি প্রস্তাব পেয়েছে বাংলাদেশ সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (অপারেশন অনুবিভাগ) যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বুধবার তিনি বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব আসছে। এর মধ্যে কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলারে সরবরাহের প্রস্তাব পাওয়া গেছে, যা বর্তমান বাজারদরের তুলনায় প্রতিযোগিতামূলক বলে বিবেচিত হচ্ছে।
তিনি জানান, প্রস্তাবটি ইতিবাচক হলেও চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিশেষ করে সরবরাহের সক্ষমতা, পরিবহন ব্যবস্থা এবং চুক্তির শর্তগুলো যাচাই-বাছাই করা হবে।
যুগ্ম সচিব আরও বলেন, কাজাখস্তান প্রায় ১ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে। তবে বাস্তবে সরবরাহ নিশ্চিত করতে আনুষ্ঠানিক চুক্তি ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।
সরকার সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির বিকল্প উৎস খুঁজছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার কারণে নির্ভরযোগ্য ও কম খরচে জ্বালানি সংগ্রহ এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।