Wednesday, April 1, 2026

ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থান, পাচার হওয়া অর্থ ফেরাতে উদ্যোগ


ছবিঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনোভাবেই ব্যাংক ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব সহ্য করা হবে না।

বুধবার রাজধানীতে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে দেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

গভর্নর জানান, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার নানা বিষয় গুরুত্ব পায়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির দাম বৃদ্ধি এবং প্রবাসী আয়ের ওপর সম্ভাব্য চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

গভর্নর আরও বলেন, অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বৈদেশিক ঋণের পাশাপাশি উৎপাদনমুখী খাতে জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা খাতে কর্মসংস্থান বাড়ানো এবং কৃষি খাতকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আমদানি নির্ভরতা কমানো যায়।

ব্যাংক খাতে আস্থার সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করার সুযোগ আর রাখা হবে না। এ লক্ষ্যে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া কয়েকটি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

সরকারি নীতিগত সহায়তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ চলছে বলেও সভায় উল্লেখ করা হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন