Sunday, April 19, 2026

কাফরুলে শিশু অপহরণ ও হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড


প্রতীকী ছবিঃ আদালত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকার কাফরুল এলাকায় দেড় যুগ আগে এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন আল আমিন ঘরামী ও মাসুদ রানা। আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডও করেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে অপহরণে জড়িত থাকার অভিযোগে ১৫ বছর বয়সী সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুলকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

একই রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. আব্দুল মোতালেব ওরফে মোতা এবং আমিরুল ইসলাম ওরফে রুবেলকে খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) জানান, রায় ঘোষণার সময় মাসুদ রানা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপর দুই দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থদণ্ডের অর্থ আদায় করে ভুক্তভোগী পরিবারের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুলে শফিকুল ইসলাম মিলন নামে এক শিশু বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের কাছে বিভিন্ন নম্বর থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় ১৩ মার্চ মিলনের বাবা শফিকুল ইসলাম কাফরুল থানায় অপহরণের মামলা দায়ের করেন। তদন্তে কললিস্ট বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে সাভারের একটি এলাকা থেকে ভুক্তভোগী শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয় বলে তদন্তে উঠে আসে। পরে মামলায় হত্যার ধারা যুক্ত করা হয়।

২০০৮ সালের ২৩ মে তদন্ত কর্মকর্তা মোট পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার চলাকালে আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন