- ১৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)–এর দাম। নতুন সমন্বয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৭২৮ টাকা।
রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রক কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে চলতি মাসের ২ এপ্রিল সর্বশেষ দামের সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। সেই হিসাবে এক লাফে প্রতি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি পেয়েছে।
বিইআরসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের মূল্য পরিবর্তন এবং আমদানি ব্যয়ের ওঠানামার কারণে নিয়মিতভাবে দেশে ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় করা হয়ে থাকে।
নতুন এই মূল্যবৃদ্ধির ফলে গৃহস্থালি ও বাণিজ্যিক উভয় পর্যায়ে গ্যাস ব্যবহারে অতিরিক্ত ব্যয়ের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।