- ২৬ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জুলাই গণ–অভ্যুত্থানের অর্জনকে টেকসই করতে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে নিয়মিত সংলাপ এবং পারস্পরিক সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভাজনের পরিবর্তে আত্মসমালোচনা ও সম্মিলিত উদ্যোগই ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ও লক্ষ্য বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছে। তবে সেই অর্জনকে আরও শক্তিশালী করতে আন্দোলনের পক্ষগুলোর মধ্যে যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, কৃতিত্বের প্রতিযোগিতায় না গিয়ে আন্দোলনের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের স্মৃতি ও চেতনাকে কেবল আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর প্রকৃত তাৎপর্য পৌঁছে দিতে হলে এটিকে ইতিবাচকভাবে ধারণ ও চর্চা করতে হবে।
সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের ভিত্তি। আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আদর্শ ও বার্তা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্মের নেতৃত্ব ও রাষ্ট্রচিন্তার বিকাশে জুলাই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
মতবিনিময় সভায় অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও জুলাইয়ের আদর্শকে সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দিতে তারা বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন।
একই সংগঠনের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, জুলাইয়ের প্রকৃত বার্তা এখনো সমাজের সব স্তরে পৌঁছাতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তি ও অপপ্রচারের মধ্যেও আন্দোলনের মূল আদর্শকে জীবিত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা (মিলি), ‘রেভোল্যুশন ওয়াচ’-এর আহ্বায়ক সানজিদ হাসান তানভির, জুলাই সংগঠক লাবিব মাহমুদ, পুনাবের সেক্রেটারি তানজিমুল ইসলাম, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আনম আয়াশ এবং বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের আহ্বায়ক নোমান বিন নুরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনায় অংশগ্রহণকারীরা জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য, সাংগঠনিক সমন্বয় এবং জনসম্পৃক্ততা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।