- ২১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
সরকারের দেওয়া বিভিন্ন সুবিধাভিত্তিক কার্ডের পাশাপাশি এবার সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে ‘জাস্টিস কার্ড’ চালুর দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে কুমিল্লার নাঙ্গলকোটে এক পথসভায় এ দাবি তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
নাঙ্গলকোটের হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেট এলাকায় আয়োজিত পথসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সাম্প্রতিক শিশু ধর্ষণের ঘটনাগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ শুধু রাজনৈতিক পরিবর্তন চায়নি, তারা নিরাপত্তা ও ন্যায়বিচারও প্রত্যাশা করে। তিনি বলেন, একটি সাত বছরের শিশুর পরিবার যদি বিচার পাওয়ার আশা হারিয়ে ফেলে, সেটি পুরো রাষ্ট্রের জন্য লজ্জাজনক।
তিনি অভিযোগ করেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, জনগণকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা অন্যান্য সুবিধার কার্ড দেওয়া হয়েছে। কিন্তু এখন সবচেয়ে বেশি প্রয়োজন এমন একটি ব্যবস্থা, যা সাধারণ মানুষকে দ্রুত ও নিশ্চিত বিচার দেবে। সেই লক্ষ্যেই ‘জাস্টিস কার্ড’–এর দাবি তোলা হচ্ছে বলে জানান তিনি।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণ চাঁদাবাজের পরিবর্তন নয়, বরং চাঁদাবাজিমুক্ত পরিবেশ চেয়েছিল। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বিচারহীনতা ও প্রতিশ্রুতি ভঙ্গের সংস্কৃতি চলতে থাকলে জনগণ একসময় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।