- ২১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেছেন, এসব ঘটনা দীর্ঘদিনের নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের সংকটের ভয়াবহ প্রতিফলন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মির্জা ফখরুল বলেন, এসব অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার রয়েছে বিএনপির। একই সঙ্গে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কথাও উল্লেখ করেন, যেখানে শিশুরা ভয়হীন পরিবেশে বেড়ে উঠতে পারবে।
তিনি মনে করেন, শুধু আইন প্রয়োগ বা সরকারের উদ্যোগ দিয়ে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব নয়। এজন্য প্রয়োজন সমাজব্যাপী সচেতনতা ও একটি শক্তিশালী সামাজিক আন্দোলন।
বিএনপি মহাসচিব বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। শিশুদের সম্মানবোধ, মানবিকতা, দায়িত্বশীলতা এবং নারীর প্রতি শ্রদ্ধাবোধ শেখানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। সমাজ পরিবর্তনের এই সংগ্রামে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।