- ২১ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের অভিজ্ঞতা নিয়ে এবার প্রকাশ্যে কথা বললেন মালয়ালম অভিনেত্রী মীরা বাসুদেবান। তিনটি ব্যর্থ বিয়ে নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেছেন, জীবনের গুরুত্বপূর্ণ ১৭ বছর তিনি এমন সম্পর্কের পেছনে ব্যয় করেছেন, যা শেষ পর্যন্ত তাকে কষ্টই দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, যদি সেই সময় নিজের ক্যারিয়ার, পরিবার কিংবা ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতেন, তাহলে হয়তো জীবন ভিন্ন পথে এগোতে পারত।
মীরা বলেন, “আমি প্রায়ই আমার ছেলেকে বলি, জীবনের ১৭টি বছর আমি তিনটি ব্যর্থ বিয়ের পেছনে নষ্ট করেছি। ওই সময়টা আমি নিজের স্বপ্ন পূরণে কাজে লাগাতে পারতাম। সিনেমা, ফিটনেস কিংবা নিজের জন্য ভালো একটি সামাজিক পরিবেশ গড়ে তুলতে পারতাম।”
তিনি আরও জানান, সেই সময় পরিবারের কাছ থেকেও দূরে সরে গিয়েছিলেন। বাবা-মা ও বোনের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ থাকলেও তিনি এমন কিছু সম্পর্কে নিজেকে জড়িয়েছিলেন, যেখানে সম্মান ও মূল্যায়ন পাননি।
অভিনয়জীবনে ২০০৩ সালে ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফরমুলা’ ছবির মাধ্যমে পরিচিতি পান মীরা বাসুদেবান। পরে মালয়ালম চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন তিনি। বিশেষ করে ‘থানমাথরা’ ছবিতে অভিনেতা মোহনলালের সঙ্গে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।
এর আগেও একাধিক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। চলতি বছরের শুরুতে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে সেসব নিয়ে লুকানোর কিছু নেই। বর্তমানে তিনি নিজের কাজ ও জীবন নিয়ে অনেক বেশি ইতিবাচক এবং সুখী বলেও জানান।
মীরার প্রথম বিয়ে হয়েছিল ২০০৫ সালে বিশাল আগারওয়ালের সঙ্গে। পাঁচ বছর পর সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। পরে ২০১২ সালে মালয়ালম অভিনেতা জন কোক্কেনকে বিয়ে করেন তিনি। তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে। তবে ২০১৬ সালে সেই সম্পর্কও ভেঙে যায়।
এরপর ২০২৪ সালে চিত্রগ্রাহক ভিপিন পুথিয়ানকমকে তৃতীয়বার বিয়ে করেন মীরা। কিন্তু সেই দাম্পত্যও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৫ সালেই তাঁদের বিচ্ছেদ ঘটে।
ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরোলেও অভিনয়জীবনে এখনো সক্রিয় রয়েছেন মীরা বাসুদেবান। ‘উরুভান’, ‘একানথাম’, ‘কুট্টামামা’ ও ‘থাক্কল’সহ একাধিক সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।