- ২১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে পড়ে। প্রায় ৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত ৩টার দিকে মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশনের কাছে পৌঁছালে পেছনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে খুলনা-রাজশাহী রুটসহ উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করে। পরে বগিটি সরিয়ে রেললাইন সচল করা হলে সকাল ৮টা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে রেল যোগাযোগ ব্যাহত হলেও দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করায় বড় ধরনের ভোগান্তি এড়ানো সম্ভব হয়েছে।