Wednesday, February 4, 2026

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ২০২৬ সালের সহসভাপতি বাংলাদেশ


ছবিঃ জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে (পিবিসি) ২০২৬ সালের জন্য সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন–পিবিসি) ২০২৬ সালের জন্য সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৃহস্পতিবার কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর নির্বাচন শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচনের পর কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে। এ সময় বাংলাদেশ প্রতিনিধি দল কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সংঘাতকবলিত দেশগুলোতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নে কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে।

একই সভায় মরক্কোকে কমিশনের সভাপতি নির্বাচিত করা হয়। বাংলাদেশ ছাড়াও জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহসভাপতির দায়িত্ব পেয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তাঁর শেফ ডি ক্যাবিনেট উপস্থিত থেকে শান্তি বিনির্মাণ কমিশনের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা, যা সংঘাত–পরবর্তী দেশগুলোতে শান্তি সুসংহত করা এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করে থাকে। ৩১টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত এই কমিশনের সদস্যরা সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের শীর্ষ সেনা ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত হন।

২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতির দায়িত্ব পালন করে এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতির দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিসরে শান্তি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন