Tuesday, April 7, 2026

জামিনে মুক্তি পাওয়ার পর বিবি সাওদার বক্তব্য: ‘বাকস্বাধীনতা হরণ করলে আবার গণবিপ্লব হবে’


ছবিঃ জামায়াতের নারী নেতা বিবি সাওদা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ভোলা 


জামিনে মুক্তি পাওয়া জামায়াতের নারী নেতা বিবি সাওদা মঙ্গলবার আদালত চত্বরে সাংবাদিকদের কাছে গভীর ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, “জুলাই শহীদের রক্ত কি এভাবেই বৃথা যাবে? আমরা রক্ত দিয়েছিলাম এজন্যই? যদি বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়, তাহলে সেই বিপ্লব কেন হলো? ২ হাজার শহীদ কেন হলো? আমরা রক্ত দিলাম কেন? আমার ভাই রক্ত দিল কেন?”

বিবি সাওদা আরও বলেন, “আমরা বাকস্বাধীনতার অধিকার নিয়ে বাঁচতে চাই। যদি আমাদের এই অধিকার হরণ করা হয়, তবে দেশে আবার সেই গণবিপ্লব শুরু হবে।” আজ আদালত চত্বরে জামিনে মুক্তি পাওয়ার পর সেখানে হাজারো জামায়াতের নারী কর্মীও সমবেত হন।


বিবি সাওদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, ৫৪ ধারায় আদালতে হাজির করা হলে বিষয়টি জামিনযোগ্য হওয়ায় এবং রাষ্ট্রপক্ষ কোনো বৈধ কারণ উপস্থাপন করতে না পারায় সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তার নিঃশর্ত জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফরিদুর রহমান ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।


উল্লেখ্য, ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের যমযম টাওয়ার থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কারণ ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তেল সংকট সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করা। জামায়াত অভিযোগ করছে, তার তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে, যা অমানবিক আচরণ হিসেবে তারা নিন্দা জানিয়েছে।


ভোলা জেলা জামায়াতে ইসলামীর নেতারা সংবাদ সম্মেলনে এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন এবং ভবিষ্যতে স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে বাধ্য থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন