- ২৩ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাঁজা সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুইজন হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামার-২২ সেশনের শিক্ষার্থী আলী কারিম এবং স্প্রিং-২৩ সেশনের শিক্ষার্থী খন্দকার মেহরুন নেছা সুবাহ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫১তম ব্যাচের দুই শিক্ষার্থীর আমন্ত্রণে ক্যাম্পাসে এসেছিলেন। এ সময় সুইমিংপুল এলাকায় সন্দেহজনক অবস্থায় তাদের দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালান। পরে গাঁজা সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
আটকের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশে সোপর্দ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
আদালত প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে মাদক ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড রোধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। প্রশাসন জানিয়েছে, শিক্ষাঙ্গনের পরিবেশ রক্ষায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।