- ২৩ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
স্মার্টফোনের অ্যাপ আইকনে নতুনত্ব আনতে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে গুগল। জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের ডিস্কো বল থিমের অস্থায়ী আইকন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যেই একই ধরনের ঝলমলে ডিজাইন নিয়ে হাজির হয়েছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
শুক্রবার গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রধান সমীর সামাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি জানান, পিক্সেল ফোন ব্যবহারকারীদের জন্য নতুন ডিস্কো বল স্টাইলের অ্যাপ আইকন চালু করা হয়েছে।
পোস্টের সঙ্গে প্রকাশ করা স্ক্রিনশটে দেখা যায়, পুরো হোমস্ক্রিনজুড়ে থাকা অ্যাপগুলো চকচকে ডিস্কো বলের মতো রূপ পেয়েছে। কেউ এটিকে মজার ও ব্যতিক্রমী বলছেন, আবার কেউ বলছেন এটি অতিরিক্ত ঝলমলে ও অদ্ভুত ডিজাইন।
নতুন এই আইকনগুলো পিক্সেলের কাস্টম আইকন ফিচারের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। সম্প্রতি চালু হওয়া এই সুবিধায় ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ধরনের আইকন ডিজাইন বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এর আগে ব্যবহারকারীরা শুধু ফোনের ওয়ালপেপার ও থিমের সঙ্গে মিল রেখে আইকনের রং পরিবর্তন করতে পারতেন। তবে নতুন হালনাগাদে হাতে আঁকা নকশা, সোনালি থিম, রঙিন পেইন্ট স্টাইলসহ একাধিক নতুন ডিজাইন যুক্ত হয়েছে।
কয়েকদিন আগে সমীর সামাত মজা করে এক্সে একটি ডিস্কো বল স্টাইলের ক্রোম আইকনের ছবি পোস্ট করে প্রশ্ন করেছিলেন, অ্যান্ড্রয়েডে এমন আইকন আনা উচিত কি না। শেষ পর্যন্ত সেই ধারণাই বাস্তবে রূপ দিয়েছে গুগল।
উল্লেখ্য, সম্প্রতি স্পটিফাই তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী ডিস্কো বল আইকন চালু করলে তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী আইকনটিকে অদ্ভুত বলে সমালোচনা করলেও কেউ কেউ এটিকে মজার ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখেছেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের এই পদক্ষেপ মূলত তরুণ ব্যবহারকারীদের আকৃষ্ট করার একটি প্রচেষ্টা। সাম্প্রতিক সময়ে ডিজিটাল দুনিয়ায় রঙিন, মজাদার ও কিছুটা নস্টালজিক ডিজাইনের জনপ্রিয়তা বেড়েছে। সেই প্রবণতাকেই কাজে লাগানোর চেষ্টা করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।