Sunday, June 21, 2026

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে আংশিক মদ্যপান নিষিদ্ধ


ছবিঃ তাপপ্রবাহে ইউরোপ পুড়ছে, ফ্রান্সে মদ্যপানে বিধিনিষেধ আরোপ (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

অস্বাভাবিক তাপপ্রবাহে ইউরোপের বিভিন্ন দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনে তাপমাত্রা দ্রুত বাড়তে থাকায় জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশে বিশেষ সতর্কতা ও জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের ৯৬টি অঞ্চলের মধ্যে ৩৫টিতে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, কোথাও কোথাও তা ৪১ ডিগ্রিও অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে ফরাসি সরকার জরুরি বৈঠক করে কয়েকটি অঞ্চলে উন্মুক্ত স্থানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবে অ্যালকোহল সেবার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাজধানী প্যারিসে জনসাধারণের জন্য পার্কগুলো দিন-রাত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে।

এদিকে জার্মানির অধিকাংশ এলাকায়ও তাপ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও শক্তিশালী বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।

ইতালিতেও গরমের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। রাজধানী রোমে ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরতে আসা পর্যটকদের তীব্র রোদে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে প্রাচীন স্থাপনার ভূগর্ভস্থ অংশে গিয়ে গরম থেকে সাময়িক স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। উত্তরাঞ্চলের শহর বোলোনিয়ায় মানুষকে ফোয়ারার পানি দিয়ে মুখ ধুতে এবং ছায়াযুক্ত স্থানে আশ্রয় নিতে দেখা গেছে।

স্পেনে তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বকাপ উপলক্ষে মাদ্রিদে স্থাপিত একটি বড় ফুটবল ফ্যান জোন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সমর্থকদের বিকল্প স্থানে খেলা দেখার ব্যবস্থা করতে হচ্ছে।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ইউরোপে তাপপ্রবাহের ঘটনা আগের তুলনায় আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে। এর ফলে শুধু স্বাস্থ্যঝুঁকিই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।

ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এমানুয়েল মুলাঁ বলেছেন, স্বল্পমেয়াদে তাপপ্রবাহের অর্থনৈতিক প্রভাব নিয়ে ভিন্নমত থাকলেও দীর্ঘমেয়াদে এটি উৎপাদনশীলতা কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং কর্মঘণ্টা হ্রাসের মতো বিষয়গুলোও অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, চলমান এই তাপপ্রবাহ ইউরোপের জন্য শুধু একটি আবহাওয়াগত সংকট নয়; এটি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবেরও একটি স্পষ্ট সতর্কবার্তা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন