Monday, April 20, 2026

ইতিহাসের সর্বোচ্চ দামে ডোমেইন নাম কিনলেন ক্রিপ্টো ডটকমের প্রতিষ্ঠাতা


প্রতীকী ছবিঃ এআই (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বের ডোমেইন বাজারে নতুন ইতিহাস তৈরি করেছেন ক্রিপ্টো ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস মার্সজালেক। তিনি এআই ডট কম নামের ডোমেইনটি কিনেছেন প্রায় সাত কোটি মার্কিন ডলার মূল্যে, যা এখন পর্যন্ত কোনো ডোমেইনের জন্য সর্বোচ্চ দাম। ফাইন্যান্সিয়াল টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুরো অর্থই পরিশোধ করা হয়েছে ডিজিটাল মুদ্রার মাধ্যমে। ডোমেইনটির বিক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

এই ক্রয়ের মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে গেছে। এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ডোমেইন ছিল কার ইন্স্যুরেন্স ডট কম, যা ২০১০ সালে প্রায় পাঁচ কোটি ডলারে বিক্রি হয়। এরপরের তালিকায় ছিল ভ্যাকেশন রেন্টালস ডট কম, ভয়েস ডট কমসহ আরও কয়েকটি ডোমেইন।

ক্রিস মার্সজালেক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া আসর সুপার বোল উপলক্ষে এই ডোমেইনটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এই সেবা দিয়ে বার্তা আদান–প্রদান, বিভিন্ন অ্যাপ ব্যবহারে সহায়তা এবং শেয়ারবাজারে লেনদেনের মতো কাজ করা যাবে।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্সজালেক বলেন, “দীর্ঘমেয়াদে—আগামী দশ থেকে বিশ বছরের দিকে তাকালে—কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তনের একটি হয়ে উঠবে।” তাঁর মতে, ভবিষ্যতের এই সম্ভাবনাকে সামনে রেখেই এআই ডট কম ডোমেইনটি কেনা হয়েছে।

ডোমেইন বিক্রির মধ্যস্থতাকারী ব্রোকার ল্যারি ফিশার বলেন, এ ধরনের ডোমেইনের কোনো বিকল্প নেই। তাঁর ভাষায়, “এআই ডট কমের মতো সম্পদ একবার বিক্রির জন্য এলে, ভবিষ্যতে আবার এমন সুযোগ পাওয়া যাবে—এমন নিশ্চয়তা নেই।”

তবে এত বিপুল মূল্যে কেনা ডোমেইন শেষ পর্যন্ত বিনিয়োগের অর্থ ফেরত দিতে পারবে কি না, সে বিষয়ে এখনো সংশয় রয়েছে। অতীতে ভয়েস ডট কম, প্রাইভেট জেট ডট কম কিংবা সেক্স ডট কম–এর মতো ডোমেইনও কোটি কোটি ডলারে বিক্রি হলেও সব ক্ষেত্রে প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য আসেনি।

এর পরও ক্রিস মার্সজালেকের জন্য এমন ব্যয়বহুল বিনিয়োগ নতুন নয়। এর আগে তিনি ক্রিপ্টো ডট কম নামের ডোমেইন কেনার পাশাপাশি প্রায় সাতশ কোটি ডলার ব্যয়ে একটি বিশাল ক্রীড়া স্টেডিয়ামের নামকরণ অধিকার কিনেছিলেন। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও ব্র্যান্ডিংয়ে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরির লক্ষ্যেই তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন