- ০৩ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে পরিবহন ও লজিস্টিক খরচে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান Amazon তাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী বিক্রেতাদের জন্য নতুন করে ৩.৫ শতাংশ জ্বালানি সারচার্জ আরোপের ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। নতুন এই চার্জ আগামী ১৭ এপ্রিল থেকে কার্যকর হবে এবং মূলত তাদের ‘Fulfillment by Amazon (FBA)’ সেবা ব্যবহারকারী বিক্রেতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
FBA সেবার মাধ্যমে বিক্রেতারা তাদের পণ্য অ্যামাজনের গুদামে পাঠিয়ে সংরক্ষণ, প্যাকেজিং ও সরবরাহের দায়িত্ব কোম্পানির ওপর ছেড়ে দিতে পারেন। অ্যামাজনের প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের বিক্রয়ের বড় একটি অংশ এই সেবার ওপর নির্ভরশীল। ফলে নতুন সারচার্জ বিপুল সংখ্যক বিক্রেতার ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করতে পারে।
অ্যামাজনের এক মুখপাত্র জানান, জ্বালানি ও লজিস্টিক খরচ দীর্ঘদিন ধরে বাড়লেও কোম্পানি তা নিজেই বহন করে আসছিল। তবে খরচ স্থায়ীভাবে বেশি থাকায় আংশিক ক্ষতিপূরণের জন্য এই সাময়িক সারচার্জ আরোপ করা হচ্ছে। তিনি দাবি করেন, অন্যান্য বড় পরিবহন সংস্থার তুলনায় এই সারচার্জ তুলনামূলক কম।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালেও একই ধরনের সারচার্জ আরোপ করেছিল অ্যামাজন, যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের বেশি উঠে গিয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথ Strait of Hormuz–এ অনিশ্চয়তা জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলছে। বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে পরিবহন ব্যয় আরও বাড়তে পারে, যা বৈশ্বিক বাণিজ্য এবং অনলাইন খুচরা বাজারে নতুন চাপ তৈরি করবে।