Tuesday, March 31, 2026

ইনস্টাগ্রামে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ‘ইনস্টাগ্রাম প্লাস’ পরীক্ষামূলক চালু করছে মেটা


প্রতীকী ছবিঃ ইনস্টাগ্রাম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ তৈরি করতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে Meta। ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামে এই নতুন সেবাটি বর্তমানে কয়েকটি দেশে সীমিত আকারে পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক মাধ্যমের তথ্য অনুযায়ী, এই সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে কিছু বিশেষ ও এক্সক্লুসিভ ফিচার ব্যবহার করতে পারবেন। এর মধ্যে অন্যতম হলো অন্যের স্টোরি দেখা যাবে, কিন্তু সেই ব্যক্তি জানতে পারবেন না কে দেখেছে। এছাড়া নিজের স্টোরি কতজন একাধিকবার দেখেছে, সেই তথ্যও জানতে পারবেন গ্রাহকরা।

নতুন ফিচারের মধ্যে রয়েছে স্টোরির জন্য একাধিক কাস্টম অডিয়েন্স লিস্ট তৈরির সুবিধা। অর্থাৎ ব্যবহারকারীরা আলাদা আলাদা গ্রুপ তৈরি করে নির্দিষ্ট মানুষদের সঙ্গে স্টোরি শেয়ার করতে পারবেন, যা আগে সীমিত ছিল।

এছাড়া সাবস্ক্রাইবাররা স্টোরির সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়াতে পারবেন এবং সপ্তাহে একবার কোনো স্টোরিকে বিশেষভাবে হাইলাইট করে ফলোয়ারদের সামনে অগ্রাধিকার ভিত্তিতে দেখানোর সুযোগ পাবেন। স্টোরিতে ‘সুপারলাইক’ নামে অ্যানিমেটেড প্রতিক্রিয়াও দেওয়া যাবে।

ব্যবহারকারীদের সুবিধার্থে স্টোরি ভিউয়ার তালিকায় নির্দিষ্ট কোনো ব্যক্তিকে খুঁজে বের করার সার্চ অপশনও যুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইনস্টাগ্রাম-এর এই নতুন সাবস্ক্রিপশনটি মেক্সিকো, জাপান ও ফিলিপাইনে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। দেশভেদে এর মাসিক মূল্য ভিন্ন মেক্সিকোতে প্রায় ২.২০ ডলার, জাপানে প্রায় ২ ডলার এবং ফিলিপাইনে প্রায় ১ ডলার সমপরিমাণ ফি নির্ধারণ করা হয়েছে।

তবে এই সেবা Meta Verified থেকে আলাদা। যেখানে Meta Verified মূলত কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য, সেখানে ইনস্টাগ্রাম প্লাস সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন সাবস্ক্রিপশন সেবা চালুর মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ তৈরি হলেও ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’র কারণে অনেক ব্যবহারকারী এতে আগ্রহ হারাতে পারেন। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম Snapchat-এর প্রিমিয়াম সেবা ‘Snapchat+’ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, যা এই খাতে সম্ভাবনার ইঙ্গিত দেয়।

মেটা জানিয়েছে, আরও বিস্তৃতভাবে চালুর আগে এই ফিচারগুলোর কার্যকারিতা ও ব্যবহারকারীদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন