Tuesday, March 31, 2026

বাংলাদেশে প্রথম ‘অরেঞ্জ বন্ড’ অনুমোদন, নারী ক্ষমতায়নে নতুন দিগন্ত


প্রতীকী ছবিঃ অরেঞ্জ বন্ড (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা জোরদার করতে দেশে প্রথমবারের মতো ‘অরেঞ্জ বন্ড’ ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ১৫৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের এই বন্ডটি বাজারে ছাড়বে সাজেদা ফাউন্ডেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। এতে জানানো হয়, এটি একটি জিরো-কুপন বন্ড, যা দেশের পুঁজিবাজারে নতুন ধারা যোগ করবে। এই ধরনের বন্ডে বিনিয়োগকারীরা সরাসরি সুদ না পেলেও কম দামে কিনে পরবর্তীতে পূর্ণ মূল্যে ফেরত পেয়ে লাভবান হন।

এই উদ্যোগে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে অংশীদার হয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিঙ্গাপুরভিত্তিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ।

অরেঞ্জ বন্ড মূলত এমন একটি বিনিয়োগ মাধ্যম, যার লক্ষ্য নারী, কন্যাশিশু ও লিঙ্গ সংখ্যালঘুদের উন্নয়ন এবং জলবায়ু সহনশীল প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করা। সংশ্লিষ্টরা বলছেন, এটি দেশে সামাজিক প্রভাবভিত্তিক বিনিয়োগ বা ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।

বন্ড থেকে সংগৃহীত অর্থের ৪৮ শতাংশ খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে, ৩২ শতাংশ নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এবং বাকি ২০ শতাংশ জলবায়ু-সহনশীল আবাসন নির্মাণে ব্যয় করা হবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এতদিন দেশের বন্ড বাজার মূলত সরকারি সিকিউরিটিজ ও ব্যাংকভিত্তিক ঋণনির্ভর ছিল। এই অরেঞ্জ বন্ডের মাধ্যমে প্রথমবারের মতো সামাজিক প্রভাব সৃষ্টিকারী একটি নতুন বিনিয়োগ শ্রেণি যুক্ত হলো।

এছাড়া এই বন্ডে বিনিয়োগকারীরা কর সুবিধা পাওয়ার পাশাপাশি সামাজিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারবেন। বন্ডের অর্থ কোথায় এবং কীভাবে ব্যবহৃত হচ্ছে, তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে যাচাই করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ দেশের পুঁজিবাজারকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন