Tuesday, March 31, 2026

সারা বছর আয়কর রিটার্ন জমার সুযোগ, আগাম দাখিলে মিলবে প্রণোদনা: এনবিআর


ফাইল ছবিঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশের কর ব্যবস্থায় আধুনিকায়ন ও সংস্কারের অংশ হিসেবে আগামী অর্থবছর থেকে বছরজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। একই সঙ্গে করদাতাদের উৎসাহিত করতে বছরের প্রথম প্রান্তিকের মধ্যে রিটার্ন দাখিলকারীদের জন্য বিশেষ প্রণোদনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ ঘোষণা দেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি বলেন, কর ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে করদাতাদের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে না; তারা বছরজুড়েই সুবিধামতো সময়ে রিটার্ন জমা দিতে পারবেন। তবে যারা বছরের শুরুতেই দায়িত্ব পালন করবেন, তাদের জন্য কর রেয়াত বা বিশেষ সুবিধা রাখা হবে।

রাজস্ব আহরণের বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি রয়েছে। তবে অতিরিক্ত কর অব্যাহতি রাজস্ব আদায়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। তাই আগামী বাজেটে এসব অব্যাহতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, করের হার বাড়ানোর পরিবর্তে করের আওতা বিস্তারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কর ফাঁকি রোধে নজরদারি বাড়ানো এবং সৎ কর কর্মকর্তাদের উৎসাহিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনের আলোচনায় সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব শিল্পের বর্তমান সংকট তুলে ধরে বেশ কিছু দাবি জানায়। সংগঠনটি বিজ্ঞাপন আয়ের ওপর বিদ্যমান উৎসে কর কমানো এবং নিউজপ্রিন্ট আমদানির ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি তোলে।

এনবিআর চেয়ারম্যান জানান, কর প্রশাসনকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে ‘ট্যাক্স লিকেজ’ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ই-রিটার্নসহ বিভিন্ন সেবা আরও সহজ ও জনবান্ধব করার কাজ চলছে। অংশীজনদের প্রস্তাবগুলো যাচাই করে আগামী বাজেটে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন