Tuesday, March 31, 2026

সামাজিক মাধ্যমে নীতিমালা ভাঙায় নাসিম শাহকে জরিমানা ও কড়া বার্তা পিসিবির


ফাইল ছবিঃ পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ-কে ২ কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের শৃঙ্খলা কমিটির কঠোর অবস্থানের মুখে তিনি ইতোমধ্যে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

একই সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া কার্যক্রম পরিচালনাকারী উপদেষ্টাকে বরখাস্ত করেছেন নাসিম। পিসিবি ওই উপদেষ্টাকে ভবিষ্যতে কোনো ক্রিকেটারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তও জানিয়েছে।

ঘটনার সূত্রপাত হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। ওই অনুষ্ঠানের পর নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন নাসিম, যা দ্রুত সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলে। পোস্টের ভাষ্য ঘিরে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে সমালোচনা শুরু হলে কিছুক্ষণের মধ্যেই সেটি সরিয়ে ফেলা হয়।

পরবর্তীতে নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে পিসিবির তদন্তে সেই দাবি গ্রহণযোগ্য হয়নি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তার এই কর্মকাণ্ড মিডিয়া নীতিমালা এবং কেন্দ্রীয় চুক্তির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

পিসিবির এক কর্মকর্তা বলেন, খেলোয়াড়দের পেশাদার আচরণ ও ক্রিকেটের মর্যাদা রক্ষা করতে বোর্ড আপসহীন। তাই এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মাঠের পারফরম্যান্সেও সাম্প্রতিক সময়ে ছন্দে নেই এই ডানহাতি পেসার। সর্বশেষ এক ম্যাচে উইকেটশূন্য থেকে বেশ রান খরচ করেন তিনি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫২ উইকেটের মালিক এই বোলারের জন্য বড় অঙ্কের জরিমানা নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা তরুণ ক্রিকেটারদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতার একটি বড় উদাহরণ হয়ে থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন