- ৩১ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে শেষ প্রীতি ম্যাচ খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (৩১ মার্চ) জাম্বিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য এই ম্যাচে দলের আক্রমণভাগে নেতৃত্ব দেবেন মহাতারকা লিওনেল মেসি।
সোমবার সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, আসন্ন ম্যাচে মেসি শুরুর একাদশেই থাকবেন। তিনি এটিকে দলের জন্য বিশ্বকাপের আগে ‘চূড়ান্ত মহড়া’ হিসেবে উল্লেখ করেন।
এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে বেঞ্চ থেকে খেলা শুরু করেছিলেন মেসি। তবে এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তাঁর মতে, দলের অভিজ্ঞ খেলোয়াড়দের পারফরম্যান্স আরও ধারাবাহিক হওয়া প্রয়োজন এবং জাম্বিয়ার বিপক্ষে সেই উন্নতির প্রতিফলন দেখা যাবে।
৩৮ বছর বয়সী মেসি এখনো পরবর্তী বিশ্বকাপে খেলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বাছাইপর্বে নিয়মিত খেলেছেন। স্কালোনি বলেন, মেসি এখনো খেলাটি উপভোগ করছেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবিষ্যতে বড় আসরের অভাব তিনি অনুভব করবেন বলেও মন্তব্য করেন কোচ।
এদিকে, বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সেখান থেকে মে মাসের শেষ দিকে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। স্কালোনির ভাষায়, দল নির্বাচন নিয়ে তার পরিষ্কার ধারণা থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত সেরা সমন্বয় গড়ে তোলাই মূল লক্ষ্য।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষস্থান দখল করে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। জাম্বিয়ার বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করে নিচ্ছে দলটি, যা বিশ্বকাপের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।