Monday, July 6, 2026

গৌরীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল মজনু মুন্সির, তদন্তে পুলিশ


ছবিঃ আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৪৫) নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের বয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজনু মুন্সি উপজেলার দুর্বারচর গ্রামের বাসিন্দা এবং আব্বাস আলী আকন্দের ছেলে। তার ছেলে মাজহরুল ইসলাম আকন্দ বর্তমানে কুমিল্লা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য হিসেবে কর্মরত।

পারিবারিক সূত্র জানায়, রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় একদল কিশোর গ্যাং সদস্য তার পথরোধ করে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে চিনে ফেলায় বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মাজহরুল ইসলাম আকন্দের দাবি, হামলার আগে দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে ছিল। ভুলবশত তার বাবার পথরোধ করা হয়। মৃত্যুর আগে তার বাবা দুর্বারচর পশ্চিমপাড়ার তিনজনের নাম উল্লেখ করে গেছেন বলেও তিনি দাবি করেন। তবে এ তথ্যের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

পরিবারের অভিযোগ, হামলার পর অভিযুক্তদের একজন নিহতের মোবাইল ফোন থেকে প্রথমে মাজহরুল ইসলামকে কল করেন। কয়েক সেকেন্ড সংযোগ থাকলেও কোনো কথা বলেননি। পরে একই নম্বর থেকে নিহতের মেয়ে মাহিয়া আক্তার বৃষ্টিকে ফোন করে একজন বলেন, তিনি হামলায় জড়িত নন, অন্য একজন ছুরিকাঘাত করেছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন