Tuesday, February 17, 2026

গোসাইরহাটে নিখোঁজের একদিন পর বিএনপি কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ছবিঃ নিখোঁজের একদিন পর বিএনপি কর্মীর ঝুলন্ত মরদেহ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। শরীয়তপুর

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর জয়নুদ্দিন ঢালী (৫২) নামে এক বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকৈইশার এলাকা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন বিকেল সাড়ে ৩টার দিকে পাশের গোসাইরহাট ইউনিয়নের কাকৈইশার এলাকার একটি আমগাছে গলায় মাফলার পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী জানান, জয়নুদ্দিন দলীয়ভাবে সক্রিয় ছিলেন। তিনি আরও বলেন, সম্প্রতি একটি পক্ষের সঙ্গে তাঁর জমি সংক্রান্ত বিরোধ চলছিল বলে শুনেছেন।

গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিখোঁজ সংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ আগে পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। পুলিশ বলছে, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন