- ১৮ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। আগামী জুনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) নতুন সংস্করণের সিরি উন্মোচনের পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্টটি। আর এবার পুরো উদ্যোগের কেন্দ্রবিন্দুতে থাকছে ব্যবহারকারীর গোপনীয়তা ও তথ্য সুরক্ষা।
ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক মার্ক গারম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিরিকে অ্যাপল এমনভাবে উপস্থাপন করতে চায়, যাতে এটি অন্যান্য এআই চ্যাটবটের তুলনায় বেশি নিরাপদ ও ব্যক্তিগত তথ্য সুরক্ষাবান্ধব হিসেবে পরিচিতি পায়।
প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপল প্রথমবারের মতো সিরির একটি স্বতন্ত্র অ্যাপ চালু করতে পারে, যেখানে গুগলের জেমিনি প্রযুক্তি ব্যবহার করা হবে। নতুন এই অ্যাপটি ব্যবহারকারীদের চ্যাটজিপিটির মতো কথোপকথনভিত্তিক অভিজ্ঞতা দেবে বলে ধারণা করা হচ্ছে।
তবে অন্যান্য জনপ্রিয় এআই প্ল্যাটফর্মের তুলনায় ব্যবহারকারীর তথ্য সংরক্ষণে সীমাবদ্ধতা রাখার পরিকল্পনা করেছে অ্যাপল। জানা গেছে, ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময় পর কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা পাবেন। উদাহরণ হিসেবে মেসেজেস অ্যাপের মতো ৩০ দিন বা এক বছর পর চ্যাট মুছে ফেলার অপশন থাকতে পারে। আবার ইচ্ছা করলে ব্যবহারকারীরা কথোপকথন স্থায়ীভাবেও সংরক্ষণ করতে পারবেন।
বিশ্লেষকদের মতে, অ্যাপল এআই প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও গোপনীয়তাকে বড় শক্তি হিসেবে তুলে ধরার কৌশল নিয়েছে। এর মাধ্যমে সিরির সীমাবদ্ধতাগুলো আড়াল করার চেষ্টাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, যদিও অ্যাপল ব্যবহারকারীর তথ্য সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে, তবুও নতুন সিরির কিছু প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থায় গুগলের সম্পৃক্ততা থাকতে পারে। ফলে গোপনীয়তার প্রশ্নে অ্যাপলের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে প্রযুক্তি মহলে।