- ১৮ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে অনলাইনভিত্তিক ঋণসেবা বা ‘ই-লোন’ চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা ব্যাংকে উপস্থিত না হয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণের সুযোগ পাবেন।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সোমবার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা দ্রুত, সহজ ও গ্রাহকবান্ধব করতে ব্যাংকগুলোকে ই-লোন কার্যক্রম চালু করতে হবে। নতুন ব্যবস্থায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এবং ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ঋণের সুদের হার বাজার পরিস্থিতি অনুযায়ী ব্যাংক নির্ধারণ করবে। তবে পুনঃঅর্থায়নের সুবিধা নেওয়া হলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার ৯ শতাংশের বেশি হতে পারবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ঋণ আবেদন থেকে শুরু করে অর্থ বিতরণ এবং কিস্তি পরিশোধ—সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। গ্রাহকের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা ব্যবহার করতে হবে।
ঋণ অনুমোদনের আগে গ্রাহকের সিআইবি প্রতিবেদন পর্যালোচনার নির্দেশও দেওয়া হয়েছে। খেলাপি ঋণগ্রহীতারা এ সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে।
গ্রাহক সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সার্কুলারে। এতে বলা হয়েছে, সুদের হার, বিভিন্ন ফি, বিলম্ব মাশুল এবং আগাম ঋণ পরিশোধের চার্জসহ সব তথ্য গ্রাহককে আগেই পরিষ্কারভাবে জানাতে হবে। গ্রাহকের সম্মতি ছাড়া কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না।
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন এবং ওয়ান-টাইম পাসওয়ার্ড ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে।
এ ছাড়া ই-লোন কার্যক্রম চালুর আগে প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা প্রণয়ন এবং পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।