Monday, May 18, 2026

ঈদ সামনে রেখে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, ১৬ দিনেই এলো প্রায় ২৪ হাজার কোটি টাকা


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক ও ডলার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা দিয়েছে। প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনের ঈদ ব্যয় নির্বাহের জন্য আগেভাগেই দেশে অর্থ পাঠানো শুরু করায় চলতি মে মাসের প্রথমার্ধেই বৈধ চ্যানেলে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৯৬ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে দেড় হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স।

রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৬ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১২৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, হুন্ডির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে নগদ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার সহজলভ্যতা রেমিট্যান্স বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। ঈদুল আজহা সামনে থাকায় মে মাসের বাকি সময়েও এই প্রবাহ আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার এবং অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার।

এ ছাড়া নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার এবং মার্চে আসে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার। এপ্রিলে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

ব্যাংকভিত্তিক তথ্য অনুযায়ী, মে মাসের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৬২ লাখ ডলার।

এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২৩ কোটি ৮১ লাখ ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ২৭ লাখ ডলার, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৫৩ লাখ ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৩৪ লাখ ডলার।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মে মাসে রেমিট্যান্সে নতুন রেকর্ড তৈরি হতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন