- ১৮ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী তামিম মাতব্বর (২৫) ও ইজিবাইকের যাত্রী খবির উদ্দিন (৮০)। তামিম মাদারীপুরের রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের বাসিন্দা, আর খবির উদ্দিনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাকান্দি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শান্তিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তামিম মাতব্বরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খবির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে মুকসুদপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।