- ২৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পাগার পাঠানপাড়া এলাকার বাসিন্দা জসিম (৪০) এবং লালমনিরহাট সদর উপজেলার নয়া কুঠিরপাড়া গ্রামের শরিফুল আলম আরিফ (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির একটি ঘটনা ঘটে। এ ঘটনার পর দায়ের করা মামলার আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে জসিম ও আরিফকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী পাঠানপাড়া এলাকার একটি বাসা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
পুলিশের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।